নড়াইল প্রতিনিধি :
নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের প্রত্যক্ষ দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের (সিসিআইসি) নিয়মিত উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৩৬টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে দীর্ঘ প্রক্রিয়া শেষে অদ্য উদ্ধারকৃত এই ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দেওয়া হয়েছে।
আজ সোমবার (২ নভেম্বর ২০২৬) বেলা সাড়ে ১১টায় নড়াইল জেলা গোয়েন্দা শাখা ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভুক্তভোগী মালিকদের হাতে তাঁদের হারিয়ে যাওয়া ফোন তুলে দেন নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।
পুলিশ সূত্র জানায়, নড়াইল জেলার চারটি থানা এলাকায় বিভিন্ন সময়ে সাধারণ মানুষের হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া অর্থ উদ্ধারে সিসিআইসি টিম দীর্ঘদিন ধরে আন্তরিকতার সঙ্গে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় বিগত সেপ্টেম্বর ও অক্টোবর— এই দুই মাসে তথ্যপ্রযুক্তির সর্বাধুনিক ব্যবহার ও নিখুঁত ট্র্যাকিংয়ের মাধ্যমে বিভিন্ন মডেলের মোট ৩৬টি হারানো স্মার্টফোন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এই বিশেষ উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত এসআই (নিঃ) রাজেশ কুমার দাশ, এসআই (নিঃ) প্রসেনজিত ঘোষ ও এসআই (নিঃ) মো. রাকিবুল হাসানসহ অন্যান্য চৌকস পুলিশ সদস্যরা।
বিজ্ঞাপন
দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া সাধের মোবাইল ফোনটি হাতে ফিরে পেয়ে অনেক মালিকই আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে একাধিক ভুক্তভোগী জানান, ফোন হারিয়ে যাওয়ার পর তারা এগুলো আর ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। পরবর্তীতে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তাঁদের সঙ্গে যোগাযোগ করে এবং দীর্ঘ প্রচেষ্টার পর সেটগুলো উদ্ধার করে। পুলিশের এমন মানবিক ও পেশাদার ভূমিকার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা বহুগুণ বেড়ে গেছে বলে তাঁরা উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত নাগরিকেরা পুলিশ সুপার ও সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যের আন্তরিকতা এবং দ্রুত সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উদ্ধারকৃত মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিনসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাইবার অপরাধ ও হারানো ডিভাইস উদ্ধারে জেলা পুলিশের এই ধরনের জনবান্ধব কার্যক্রম ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।
