নড়াইল প্রতিনিধি:
নড়াইল জেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা, ভাবগাম্ভীর্য এবং আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শুভ বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে।
২১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে শুভ বিজয়া দশমীতে চিত্রা নদীর ঐতিহ্যবাহী বাধাঘাটসহ জেলার বিভিন্ন বিসর্জন পয়েন্টে দেবীকে বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।
নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার এর প্রত্যক্ষ দিকনির্দেশনায় পুরো পূজা পর্ব ও বিসর্জন অনুষ্ঠান ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষা ও নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। পুলিশ সুপারের নির্দেশনায় জেলা পুলিশের সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যরা সার্বক্ষণিক মাঠে থেকে দায়িত্ব পালন করেন।
বিজ্ঞাপন
বিসর্জন চলাকালে সার্বিক নিরাপত্তা ও বিসর্জন ব্যবস্থাপনা সরেজমিনে দেখার জন্য পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার চিত্রা নদীর ঐতিহাসিক বাধাঘাটসহ গুরুত্বপূর্ণ প্রতিমা বিসর্জন স্পটগুলো নিজে পরিদর্শন করেন। এ সময় তিনি আয়োজক কমিটি, পূজারী ও দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সুশৃঙ্খলভাবে বিসর্জন কার্যক্রম পরিচালনায় সন্তোষ প্রকাশ করেন।
জেলা পুলিশ মিডিয়া সেল সূত্রে জানা গেছে, নড়াইলের পৌর এলাকা ও উপজেলার সকল মণ্ডপ থেকে একের পর এক ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর ভক্তদের অশ্রুসজল বিদায় সম্ভাষণের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়। বিশেষ করে শহরের ঐতিহ্যবাহী বাধাঘাট পয়েন্টে হাজারো পুণ্যার্থীর ঢল নামে।
জেলা পুলিশের কঠোর নজরদারি, টহল ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক সতর্কতার কারণে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর আবহে বিসর্জন সম্পন্ন হওয়ায় স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ। ছবি সংগৃহীত।
