মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জে ৮২০ বস্তা রাসায়নিক সারবোঝাই একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে উল্টে পড়েছে।
আজ শনিবার (৩১ অক্টোবর ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের মোবারকগঞ্জ সুগার মিলের প্রধান ফটকের সামনে এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার তীব্রতা বেশি থাকলেও চালকসহ কেউ হতাহত না হওয়ায় অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি ও বিপদ থেকে রক্ষা মিলেছে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার শহীদুল ইসলাম দুর্ঘটনার বিবরণ দিয়ে জানান, সারবোঝাই ট্রাকটি যশোর থেকে ছেড়ে এসে ঝিনাইদহের উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে মোবারকগঞ্জ সুগার মিলের সামনের সড়কে পৌঁছালে চলন্ত অবস্থায় ট্রাকটির সামনের চাকা ভেঙে যায়, এতে চালক তাৎক্ষণিকভাবে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ওই সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি যানবাহনকে পাশ দিতে গিয়ে সড়কের উঁচু-নিচু ঢালের কারণে ট্রাকটি সোজা রাস্তার পাশের খাদে উল্টে পড়ে।
বিজ্ঞাপন
তিনি আরও উল্লেখ করেন, ট্রাকটিতে ক্ষমতার অতিরিক্ত বা অতিরিক্ত পরিমাণে সারের বস্তা বোঝাই করা ছিল। দুর্ঘটনা ঘটলেও অলৌকিকভাবে চালক ও হেলপার নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে সহায়তা করে। ছবি সংগৃহীত।
