স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের ঝিকরগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস (সিজন-২) সফলভাবে আয়োজনের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) দুপুর ১২টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নতুন কুঁড়ি স্পোর্টসের সভাপতি এম সাইফুল্লাহ।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে উপজেলাব্যাপী ক্রীড়াবান্ধব পরিবেশ আরও বেশি সমৃদ্ধ হবে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের সঠিক দক্ষতা বিকাশে সংশ্লিষ্ট সকলকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রতিযোগিতার প্রতিটি আয়োজন সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বিজ্ঞাপন
প্রস্তুতিমূলক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নতুন কুঁড়ি স্পোর্টসের সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোস্তফা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নূরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রশিদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আরাফাত কল্লোল, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশীদ, প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম এবং স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহাজাহান আলী।
উক্ত সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসকবৃন্দ এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত থেকে প্রতিযোগিতাকে সফল করার লক্ষে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। ছবি সংগৃহীত।
