স্ফুলিঙ্গ রিপোর্ট :
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীকে অসাম্প্রদায়িক, শোষণমুক্ত ও সাম্যবাদী সমাজ গঠনের অন্যতম হাতিয়ার এবং সাংস্কৃতিক বিকাশের মাধ্যমে দেশ গড়ার সোপান হিসেবে বর্ণনা করেছেন আমন্ত্রিত বক্তারা।
সংগঠনটির ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বিকেলে যশোর টাউন হল ময়দানে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
উদীচী যশোর জেলা সংসদের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উদীচীর উপদেষ্টা খন্দকার আজিজুল হক মনি, অ্যাডভোকেট রবিউল আলম, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এজেডএম সালেক, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক সানোয়ার আলম খান দুলু, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ যশোরের সভাপতি শ্রাবনী সুর, যশোর জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হাসান বুলু এবং উদীচী যশোরের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটির সদস্য কাজী খালেদ।
আলোচনা সভায় বক্তারা সংগঠনের ইতিহাস স্মরণ করে বলেন, ১৯৬৯ সালের ৪ এপ্রিল যশোরে ডা. কাজী রবিউল হকের বাসভবনে একদল আত্মপ্রত্যয়ী যুবক উদীচী গঠনের লক্ষ্যে প্রথম বৈঠকে মিলিত হন। সেখান থেকেই মূলত গানের দলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদীচীর যাত্রা শুরু হয়। বর্তমানে সারাদেশে উদীচীর তিন শতাধিক শাখা থাকলেও যশোরেই প্রথম জেলা কমিটি গঠিত হয়েছিল। শুরুতে যশোর পৌরপার্কের ভেতরে উদীচীর বিভিন্ন সাংস্কৃতিক ও গানের অনুষ্ঠান আয়োজিত হতো, যা পরবর্তীতে সারাদেশে বিস্তৃত হয়। বক্তারা জোর দিয়ে বলেন, সংগ্রামমুখর সময়ে জন্ম নেওয়া উদীচী নিজেই এখন সংগ্রামের এক অগ্নিশিখা, যা বিভেদের সকল শৃঙ্খল ভেঙে সাম্য ও সৃষ্টিশীলতায় জীবন ও সমাজকে জাগিয়ে তোলার কাজ করে যাচ্ছে।
এর আগে যশোর জেলা সংসদের উদ্যোগে দিনব্যাপী নানা বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। সকালে উদীচী যশোর কার্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব।
পরবর্তীতে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সংগঠনের উপস্থিত সকল সদস্যকে শপথ পাঠ করান উদীচী যশোরের সভাপতি।
বিকেলের পর্বের মূল আলোচনা সভা শুরুর আগে জাতীয় সংগীত ও উদীচীর দলীয় সংগীত পরিবেশন করা হয়। আলোচনা সভা শেষে যশোরের স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ছবি সংগৃহীত।
