স্ফুলিঙ্গ ডেক্স :
সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন এলাকা থেকে পৈতৃক সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে অপহরণের শিকার হওয়া মানসিক ভারসাম্যহীন মো. নূর আলমকে (৫৭) ঢাকার মিরপুর এলাকা থেকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিরাজগঞ্জ জেলা ইউনিট।
ঘটনার বিবরণ থেকে জানা যায়, সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানাধীন এনায়েতপুর গ্রাম থেকে গত ২০২৪ সালের ১ মার্চ মানসিক ভারসাম্যহীন মো. নূর আলম অপহৃত হন। অভিযোগ রয়েছে, ভিকটিমের পৈতৃক সম্পত্তি নিজেদের আয়ত্তে ও দখলে নেওয়ার কুমানসে তাঁরই দুই ভাতিজা মো. মাসুদ হাসান রাশেদ ও মো. আরিফুল হাসান জিমসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন মিলে তাঁকে অপহরণ করে গোপনে আটকে রাখেন।
ভুক্তভোগীর মানসিক ভারসাম্যহীনতার সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে তাঁর পৈতৃক সম্পত্তি দেখাশোনা করতেন ছোট ভাই মো. আব্দুস সালাম (৪৬)। বড় ভাইকে গায়েব বা অপহরণের পর সম্পত্তি আত্মসাতের পথ সুগম করা হয়েছিল বলে অভিযোগে প্রকাশ পায়। এ ঘটনায় ভিকটিমের ছোট ভাই মো. আব্দুস সালাম বাদী হয়ে বিজ্ঞ আদালতে ভিকটিমের দুই ভাতিজাসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি পিটিশন মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৩/২০২৫ (এনায়েতপুর), তারিখ: ৯ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ, ধারা: ৪৪৮/৩৬৩/৩৬৮ পেনাল কোড।
বিজ্ঞাপন
আদালতের নির্দেশে প্রথমে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটি তদন্ত করলেও দীর্ঘদিনেও ভিকটিমকে উদ্ধার করতে পারেনি। পরবর্তীতে বিজ্ঞ আদালতের সুনির্দিষ্ট নির্দেশে গত ৯ আগস্ট ২০২৬ তারিখে মামলাটির তদন্তভার পিবিআই সিরাজগঞ্জ জেলার ওপর ন্যস্ত করা হয়। বর্তমানে চাঞ্চল্যকর এই মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন পিএসআই (নিঃ) মো. আবু তালেব।
তদন্তের দায়িত্ব নেওয়ার পর পিবিআই-এর তদন্তকারী কর্মকর্তা আধুনিক তথ্যপ্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ব্যবহার নিশ্চিত করেন। এর ধারাবাহিকতায় গত ২৬ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ রাতে ঢাকার মিরপুর মডেল থানাধীন জোনাকি রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ নম্বর বিবাদী মো. মাসুদ হাসান রাশেদ ও ২ নম্বর বিবাদী মো. আরিফুল হাসান জিমের মা এবং ভিকটিমের মৃত বড় ভাই আব্দুর রহমানের স্ত্রী রোজিনা বেগমের ভাড়া বাসা থেকে অপহৃত মো. নূর আলমকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
পিবিআইয়ের প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, মানসিক ভারসাম্যহীন নূর আলমের সম্পত্তি হাতিয়ে নেওয়ার সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবেই তাঁকে এনায়েতপুরের নিজ বাড়ি থেকে জোরপূর্বক অপহরণ করে মিরপুর-২ এর জোনাকি রোডের ওই ভাড়া বাসায় দীর্ঘকাল বন্দি করে রাখা হয়েছিল।
উদ্ধার সম্পন্ন করার পর ভিকটিমকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। আদালতের বিচারক সব দিক বিবেচনা করে ভিকটিমকে তাঁর ছোট ভাই তথা মামলার বাদী মো. আব্দুস সালামের জিম্মায় হস্তান্তর করেন।
ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং এই অপহরণের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত অন্যান্য ব্যক্তিদের তথ্য যাচাই-বাছাই ও শনাক্তকরণের কাজ বর্তমানে অব্যাহত রয়েছে বলে পিবিআই সূত্রে জানানো হয়েছে। ছবি সংগৃহীত।
