স্ফুলিঙ্গ ডেক্স :
টাঙ্গাইল সদর থানাধীন টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে ২৬০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের একটি টিম এই বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—শাহিন মিঞা (৩৮) এবং মোহাম্মদ মিন্টু (৩১)।
বিজ্ঞাপন
অধিদপ্তর সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়ক ব্যবহার করে প্রাইভেটকারযোগে ইয়াবার একটি বড় চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাবনা বাইপাস এলাকায় অবস্থান নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। সন্দেহভাজন প্রাইভেটকারটি ঘটনাস্থলে পৌঁছালে সেটিকে থামার সংকেত দেওয়া হয়। পরবর্তীতে গাড়িটিতে বিশেষ কৌশলে লুকানো ২৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই শাহিন ও মিন্টুকে আটক করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ছবি সংগৃহীত।

