রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাঘা থানাধীন চকরাজাপুর ও গড়গড়ি ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র এবং সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিট থেকে এই সাঁড়াশি অভিযান শুরু হয়।
রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশিদের দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ টি এম মাইনুল ইসলাম। অভিযানে জেলা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং নৌপুলিশের সদস্যরা যৌথভাবে অংশ নেন।
অভিযান চলাকালে চকরাজাপুর ইউনিয়নের মানিকের চর গ্রামের মো. আমজাদ হোসেনের কলাবাগান থেকে ১টি .২২ বোর এয়ারগান এবং পলাশী ফতেপুর গ্রামের জনৈক রাজা ব্যাপারীর বাড়ির পশ্চিম পাশের খেজুর বাগান থেকে ১টি একনলা কাটা বন্দুক উদ্ধার করা হয়। এছাড়া গড়গড়ি ইউনিয়নের চাঁনপুর গ্রামের জনৈক রুহুল আমিনের বসতবাড়ির পাশ থেকে ৫টি ধারালো হাসুয়া ও ১টি লোহার হাতুড়ি উদ্ধার করা হয়। একই সাথে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এই যৌথ অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে। ছবি সংগৃহীত।
বিজ্ঞাপন
