মাগুরা প্রতিনিধিঃ
মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপের নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা ।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি পূজা উদযাপন কমিটি, মন্দির কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকলকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সকলকে সর্বদা সতর্ক ও সচেতন থাকার কঠোর নির্দেশনা প্রদান করেন। মাগুরা জেলা পুলিশ সকলের সম্মিলিত সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা শান্তি, নিরাপত্তা, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে সর্বদা বদ্ধপরিকর।
বিজ্ঞাপন
উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব থান্দার খায়রুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তথা অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস্), মাগুরা; জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ; বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ; পূজা উদযাপন কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। ছবি সংগৃহীত।
