স্ফুলিঙ্গ ডেক্স :
চাঁদপুরের শাহরাস্তিতে আরবি পড়াতে গিয়ে চতুর্থ শ্রেণির এক কোমলমতি ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে আমিনুল ইসলাম (৬৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) গভীর রাতে উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উল্লাশ্বর এলাকা থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়। পরবর্তীতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উল্লাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ওই শিশু শিক্ষার্থী প্রতিদিন নিয়মানুযায়ী অভিযুক্ত শিক্ষক আমিনুল ইসলামের বাসায় আরবি শিখতে যেত। এই সুযোগে নির্জনতার সুযোগ নিয়ে শিক্ষক আমিনুল দীর্ঘদিন ধরে শিশুটির শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে আপত্তিকর ও অশালীনভাবে হাত দিয়ে নিপীড়ন চালিয়ে আসছিলেন।
বিজ্ঞাপন
গত সোমবার সকালেও প্রতিদিনের মতো শিশুটি আরবি পড়তে গেলে পুনরায় একই কায়দায় যৌন নিপীড়নের শিকার হয়। পরবর্তীতে শিশুটি বিদ্যালয়ে পৌঁছে ক্লাসে হঠাৎ কান্নায় ভেঙে পড়ে। বিষয়টি নজরকাড়লে বিদ্যালয়ের শিক্ষিকা সামছুন্নাহার শিশুটির কাছে কান্নার কারণ জানতে চান। একপর্যায়ে শিশুটি শিক্ষিকার কাছে ঘটে যাওয়া পুরো ন্যক্কারজনক ঘটনা খুলে বলে।
শিক্ষিকা সামছুন্নাহার কালবিলম্ব না করে বিষয়টি শিশুটির পরিবারকে জানান। পরিবারের পক্ষ থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনকে অবহিত করা হলে তিনি তাৎক্ষণিকভাবে শাহরাস্তি মডেল থানা পুলিশকে বিষয়টি জানান।
সংবাদ পাওয়া মাত্রই শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান নিজে উপস্থিত হয়ে ভুক্তভোগী শিশুটির জবানবন্দি ও বক্তব্য শোনেন। ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে সোমবার গভীর রাতে উল্লাশ্বর এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাহরাস্তি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। ছবি সংগৃহীত।
