স্ফুলিঙ্গ ডেক্স :
চাঁদপুরের শাহরাস্তিতে পারিবারিক সম্পর্কের বিশ্বাস ভঙ্গ করে প্রবাসী চাচাতো ভাইয়ের স্ত্রীকে নিয়ে উধাও হওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে স্থানীয় এক এনসিপি নেতার বিরুদ্ধে।
অভিযুক্ত ব্যক্তির নাম শেখ রহমত উল্লাহ, যিনি শাহরাস্তি পৌর এনসিপির আহ্বায়ক পদে দায়িত্বরত আছেন।
ঘটনার বিবরণ থেকে জানা গেছে, গত শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) রাতে বাহরাইন প্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সাথে নিয়ে আত্মগোপনে যান রহমত উল্লাহ। গা ঢাকা দেওয়ার পর থেকেই দুইজনের মুঠোফোন বন্ধ পাওয়ায় স্বজনরা কোনো যোগাযোগ রক্ষা করতে পারছেন না।
বিজ্ঞাপন
পরিবারের সদস্য ও ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম জানান, দেবর ও ভাবির মধ্যে দীর্ঘদিন ধরেই অসামাজিক ও পরকীয়া সম্পর্ক গড়ে উঠেছিল। বিষয়টি স্বজনদের নজরে এলে প্রবাসে থাকা স্বামীকে অবহিত করা হয়। এ নিয়ে পারিবারিকভাবে তীব্র অসন্তোষ ও টানাপোড়েন শুরু হলে একপর্যায়ে রাতের আঁধারে তারা একসাথে বাড়ি ছেড়ে পালিয়ে যান।
এ ঘটনায় ক্ষুব্ধ ও প্রতারিত হয়ে গৃহবধূর শ্বশুর হারুনুর রশিদ বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। তাঁর অভিযোগ, বাড়ি ছেড়ে যাওয়ার সময় ওই গৃহবধূ বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ অর্থ সাথে করে নিয়ে গেছেন।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে। সার্বিক বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং পলাতক দুজনকে সনাক্তকরণসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণের কাজ চলছে। ছবি সংগৃহীত।
