বিশ্বাস শিহাব পারভেজ মিঠু ,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের প্রধান বিচারিক হাকিম (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) মো. শহীদুল্লাহ বলেছেন, কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির ভবনটিকে অচিরেই সকল আধুনিক প্রযুক্তি সুবিধাসম্পন্ন একটি দৃষ্টিনন্দন দ্বিতল ভবনে উন্নীত করা হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে কলাপাড়া চৌকি আদালত পরিদর্শন শেষে আইনজীবী সমিতির সদস্যদের সাথে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাসের কথা জানান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, কলাপাড়া চৌকি আদালতে নতুন করে যুগ্ম জেলা জজ আদালত, অতিরিক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত এবং পারিবারিক আদালত সংযুক্ত করা হয়েছে। ফলে জেলা সদর থেকেও নিয়মিত অনেক আইনজীবী এখানে এসে বিচারিক কার্যক্রমে অংশ নেন। তাছাড়া এই চৌকিতে পূর্ব থেকেই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী জজ আদালতের নিয়মিত বিচারিক কার্যক্রম সফলভাবে চলমান রয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরো বলেন, বিপুল সংখ্যক সম্মানিত আইনজীবী এবং বিচারে আসা সাধারণ মানুষের বর্তমান এই ভাড়াটে ভবনে বসার পর্যাপ্ত জায়গা না থাকায় দ্রুত সময়ের মধ্যে একটি আধুনিক ‘জুডিশিয়াল কমপ্লেক্স’ ভবন নির্মাণ কাজ শুরুর জোর প্রচেষ্টা চলছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ফলপ্রসূ আলোচনা হচ্ছে এবং স্থানীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এতে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করছেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. মজিবুর রহমানের সভাপতিত্বে এবং চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিনের দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান এবং জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিউকিটর (পিপি) অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কামাল খান, যুগ্ম জেলা জজ মেহেদী হাসান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাব্বি ইসলাম রনি, সিনিয়র সহকারী জজ মহিদুল হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির বর্ণাঢ্য আয়োজনে অতিথিবৃন্দ ও জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এক আন্তরিক মধ্যাহ্নভোজে অংশ নেন। ছবি প্রতিবেদক।
