স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রিজেন্ট বোর্ডের অন্যতম সদস্য অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, শিক্ষার্থীদের একমাত্র লক্ষ্য শুধু বিসিএস ক্যাডার হওয়া হওয়া উচিত নয়; বরং নিজেদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কেবল ব্যক্তিগত সাফল্য অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
বিজ্ঞাপন
আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যশোর শিক্ষা ট্রাস্টের উদ্যোগে জেলার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থী এবং জেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
যশোর জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, “শুধুমাত্র বিসিএস ক্যাডার হওয়ার সংকীর্ণ লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে একজন মানুষের মানসিকতায় কাঙ্ক্ষিত পূর্ণতা আসে না। উচ্চতর চাকরি ও পারিবারিক উন্নতির পাশাপাশি নিজেদের কাজের মাধ্যমে রাষ্ট্রের প্রতি অর্পিত দায়বদ্ধতা পালন করতে হবে। কারণ এই দেশ ও সমাজ মেহনতি কৃষক ও শ্রমিকের ঘাম ঝরানো অর্থে পরিচালিত হয়। শিক্ষার্থীদের সেই ত্যাগের মূল্য দিতে হবে নিজেদের সৎ ও মানবিক কর্মের মাধ্যমে।”
তিনি কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা, সাহিত্য চর্চা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার তাগিদ দেন, যা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মানবিক বোধকে আরও সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য উপস্থাপন করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা) এবং জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। স্বাগতিক বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে নিজেদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া খাতুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম হাসান এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না নুরা।
অনুষ্ঠান শেষে যশোর শিক্ষা ট্রাস্টের ফান্ড থেকে ৪টি নির্ধারিত ক্যাটাগরিতে বাছাইকৃত মোট ২০০ জন মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর হাতে সর্বমোট ৬ লাখ টাকার শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। ছবি সংগৃহীত।

