স্ফুলিঙ্গ রিপোর্ট :
বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সপ্তাহব্যাপী নানা ব্যতিক্রমী ও বর্ণাঢ্য কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদযাপনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের উদ্যোগে বিনামূল্যে বিশেষ ফিজিওথেরাপি সেবা ক্যাম্পের সূচনা করা হয়।
বিজ্ঞাপন
আজ সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ডা. এম. আর. খান মেডিকেল সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবামূলক ক্যাম্পের শুভ উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। উদ্বোধনী দিনের প্রথম প্রহরেই বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা ও দূর-দূরান্ত থেকে আসা শতাধিক পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইজড) ও জটিল রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসাসেবা এবং বিশেষজ্ঞদের জরুরি দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হয়।
বিজ্ঞাপন
পিটিআর বিভাগের চেয়ারম্যান ড. মো. ফিরোজ কবিরের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, “যবিপ্রবির ফিজিওথেরাপি বিভাগের চিকিৎসাসেবা ও ক্লিনিক্যাল ল্যাব অত্যন্ত আধুনিক ও উচ্চমানের। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের মূল প্রতিপাদ্যকে ধারণ করে বিভাগের শিক্ষা, গবেষণা ও সরাসরি সেবামূলক কার্যক্রম আরও অনেক দূর এগিয়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।”
বিভাগীয় প্রধান ড. মো. ফিরোজ কবির তাঁর বক্তব্যে স্পষ্ট করে বলেন, “মানুষের শারীরিক ভারসাম্য রক্ষা, কর্মক্ষমতা পুনরুদ্ধার এবং অঙ্গ সঞ্চালনের স্বাভাবিক গতিশীলতা ফিরিয়ে আনতে ফিজিওথেরাপিস্টদের ভূমিকা অনস্বীকার্য। সঠিক নিয়ম মেনে দৈনন্দিন শারীরিক ব্যায়ামের মাধ্যমে হৃদরোগের ঝুঁকি কমানো, স্ট্রোকের পূর্বলক্ষণ দ্রুত শনাক্তকরণ এবং পরবর্তীতে প্যারালাইসিস আক্রান্তদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনার বিষয়ে সামাজিক জনসচেতনতা সৃষ্টি করাই আমাদের এবারের সপ্তাহব্যাপী আয়োজনের মূল লক্ষ্য।”
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, সপ্তাহব্যাপী এই বিশাল কর্মসূচির আগামী দিনগুলোতে রয়েছে— ৮ সেপ্টেম্বর নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডারস শীর্ষক প্যানেল আলোচনা, ৯ সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবসের মূল র্যালি ও সেমিনার, ১০ ও ১২ সেপ্টেম্বর যশোরের গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্রী ফিজিওথেরাপি ও বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প এবং শেষ দিন অর্থাৎ ১৩ সেপ্টেম্বর স্থানীয় প্রতিবন্ধী উন্নয়ন ক্যাম্প পরিদর্শন ও বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান। ছবি সংগৃহীত।


