স্ফুলিঙ্গ ডেক্স :
মাদক মামলায় আদালতের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ড এড়াতে দীর্ঘ ১২ বছর ধরে আত্মগোপনে থেকেও শেষ রক্ষা পেল না বরিশাল জেলার বানারীপাড়ার চিহ্নিত ‘মাদক সম্রাট’ মোঃ রায়হান (২৪)। ঢাকার যাত্রাবাড়ীতে আস্তানা গেড়ে নাম ঢেকে বসবাস করা এই দুর্ধর্ষ আসামিকে গ্রেফতার করেছে এলিট ফোর্স র্যাব।
বিজ্ঞাপন
গত শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানা এলাকায় যৌথ সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-৮, সদর কোম্পানি বরিশাল এবং র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃত আসামি মোঃ রায়হান বরিশাল জেলার বানারীপাড়া থানাধীন ইলুহার গ্রামের মৃত আঃ মান্নানের ছেলে।
মামলার নথি ও র্যাব সূত্রে জানা যায়, ২০১৪ সালে বরিশাল জেলার বানারীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রায়হানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় (দায়রা মামলা নং- ১০৬/১৪, জিআর নং- ১৮/১৪)। পরবর্তীতে বিজ্ঞ আদালত মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামি রায়হানের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
রায়ের পর থেকেই আসামি রায়হান কৌশল অবলম্বন করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ১২ বছর ধরে পলাতক জীবনযাপন করছিলেন। এই দীর্ঘ সময়ে বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে পরোয়ানা জারি করলে বানারীপাড়া থানা পুলিশ সংশ্লিষ্ট রায় তামিলের উদ্দেশ্যে অধিনায়ক, র্যাব-৮, বরিশাল বরাবর একটি অধিযাচনপত্র পাঠায়।
এরই ধারাবাহিকতায় র্যাব-৮ ও র্যাব-১০-এর চৌকস সদস্যরা আধুনিক তথ্যপ্রযুক্তি এবং নিবিড় গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে যাত্রাবাড়ী এলাকায় অবস্থান নিশ্চিত করেন। পরে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে রায়হানকে জালে তুলতে সক্ষম হন।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনি দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করেছে র্যাব। ছবি সংগৃহীত।

