স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক দুই অভিযানে ২ কেজি গাঁজা ও ৫০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
আজ রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) যশোর জেলার ঝিকরগাছা ও কোতোয়ালী মডেল থানাধীন এলাকা থেকে তাঁদের হাতেনাতে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের দুটি পৃথক চৌকস দল।
বিজ্ঞাপন
প্রথম অভিযানে, আজ রোববার সকাল ১১টা ২৫ মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) শেখ হাদীউজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ঝিকরগাছা থানাধীন ৪ নম্বর গদখালী ইউনিয়নের বারবাকপুর বাজারে অভিযান চালান। বাজারের একটি গ্যারেজের সামনে বারবাকপুর-কাশিপুরগামী পাকা রাস্তার ওপর তল্লাশি চালিয়ে মো: ওলিয়ার রহমান (৫৮) নামে এক ব্যক্তিকে ২ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ আটক করা হয়। আটক ওলিয়ার রহমান ঝিকরগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পঞ্চনগর গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলছে।
এদিকে দ্বিতীয় অভিযানে, গত মধ্যরাতে (৬ সেপ্টেম্বর রাত ১২টা ১০ মিনিট) ডিবির অপর এক দল কোতোয়ালী মডেল থানার ৯ নম্বর আরবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মন্ডলগাতি এলাকায় অভিযান পরিচালনা করে। এসআই মোঃ কামাল হোসেনের নেতৃত্বে ডিবির টিমটি স্থানীয় এক চায়ের দোকানের সামনের পাকা রাস্তার ওপর থেকে মোঃ রাজু আহম্মেদ (৩৫) ও মোঃ সাগর হোসেন (২৫) নামে দুই যুবককে ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রাজু আহম্মেদ বাঘারপাড়া থানার সহিতখালি (ষাটখালি) গ্রামের মোঃ হায়দার মোল্লার ছেলে এবং সাগর হোসেন একই থানার আলাদিপুর গ্রামের মোঃ চান্নু মোড়লের ছেলে। ইয়াবাসহ আটককৃত এই দুই আসামিকে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের কর্মকর্তারা জানান, মাদকের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলাজুড়ে এ ধরনের নজরদারি ও ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।


