স্ফুলিঙ্গ ডেক্স :
বগুড়া সদর থানা এলাকায় এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত এক নারী মাদক কারবারিকে ৫১ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, বগুড়া।
বিজ্ঞাপন
আজ শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ২০ মিনিটের মধ্যবর্তী সময়ে বগুড়া সদর থানাধীন বাদুরতলা (বেগম বাজার লেন) এলাকায় আসামির নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃত আসামির নাম আমেনা (৫৯)। তিনি বগুড়া সিটি কর্পোরেশনের ০৫ নম্বর ওয়ার্ডের বাদুরতলা (বেগম বাজার লেন) এলাকার মো. মঞ্জু শেখের স্ত্রী এবং মৃত আলা বক্সের মেয়ে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া সূত্রে জানা যায়, গোপন সংবাদ ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএনসির একটি চৌকস আভিযানিক দল জানতে পারে, বাদুরতলা এলাকায় বিক্রয় ও সরবরাহের উদ্দেশ্যে ইয়াবার একটি চালান মজুদ করা হয়েছে। প্রাপ্ত খবরের ভিত্তিতে আভিযানিক দলটি বাদুরতলা বেগম বাজার লেনে আসামী আমেনার নিজ দখলীয় বসতবাড়িতে সাঁড়াশি তল্লাশি চালায়।
পরবর্তীতে আসামির দেহ ও ঘরের ভেতর তল্লাশি চালিয়ে একটি কালো রঙের পলিথিনে বিশেষ কায়দায় মোড়ানো ৫১ (একান্ন) পিস কমলা বর্ণের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিজিটাল কিচেন স্কেলে পরিমাপ করে জব্দকৃত ইয়াবার ওজন ৫.০১ গ্রাম পাওয়া যায়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ধারায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ডিএনসি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত আমেনা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সাথে জড়িত এবং তিনি আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত কারবারি। এই চালানের সাথে সঙ্ঘবদ্ধ চক্রের আর কে কে জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে জোর তদন্ত চালানো হচ্ছে। মাদকের উৎস চিহ্নিত করে এর সাথে সম্পৃক্তদের দ্রুতই আইনের আওতায় আনা হবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

