রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
যে বয়সে শৈশবের চঞ্চলতায় মা-বাবার কোল আলো করে হেসে খেলে দিন কাটানোর কথা, সেই বয়সেই হাসপাতালের নিবিড় পরিচর্যায় জীবন-মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে লড়ছে ৩ বছর বয়সী কোটচাঁদপুরের নিষ্পাপ শিশু মো. ফারহান ইসলাম। চিকিৎসকরা জানিয়েছেন, ফারহানের হৃদপিণ্ডে ছিদ্র রয়েছে। বর্তমানে সে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে বিশেষজ্ঞদের চিকিৎসাধীন।
বিজ্ঞাপন
শিশু ফারহান ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলাবাড়িয়া গ্রামের বাসিন্দা মো. ইসমাইল হোসেন ও মোছা. সাথী খাতুন দম্পতির সন্তান। দিনমজুর বাবার সামান্য আয়ে চলা পরিবারটি একমাত্র সন্তানের জটিল চিকিৎসা ব্যায় বহন করতে গিয়ে সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে।
বিজ্ঞাপন
পরিবার সূত্র জানায়, ফারহানের প্রয়োজনীয় সার্জারি ও আনুষঙ্গিক চিকিৎসার জন্য সর্বমোট প্রায় ৪ লাখ টাকা ব্যয়ের হিসাব দিয়েছেন চিকিৎসকরা। আত্মীয়-স্বজন ও স্থানীয় প্রতিবেশীদের কাছ থেকে ধারদেনা করে ইতিমধ্যে ২ লাখ টাকা সংগ্রহ করা সম্ভব হলেও চিকিৎসার বাকি অর্ধেক কার্যক্রম সম্পন্ন করতে আরও ২ লাখ টাকা জরুরি হয়ে পড়েছে। কিন্তু নতুন করে অর্থ সংস্থানের কোনো পথ না থাকায় চরম মানসিক যন্ত্রণায় দিন কাটাচ্ছেন অসহায় বাবা-মা।
অশ্রুসজল চোখে অবুঝ সন্তানের মুখের দিকে তাকিয়ে এক আকুল আকুতি জানিয়েছেন দিনমজুর ইসমাইল হোসেন। অর্থাভাবে যেন চিকিৎসা মাঝপথে বন্ধ না হয় এবং সুস্থ হয়ে সন্তানটি যেন আবারো মায়ের বুকে ফিরে হাসতে পারে—এটাই এখন তাঁর একমাত্র প্রাপ্তি।
ছোট্ট ফারহানের জীবন রক্ষায় স্থানীয় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী সম্প্রদায়, সামাজিক সংগঠন ও সমাজের বিত্তবান হৃদয়বান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ভুক্তভোগী পরিবার। সকলের সামান্য আর্থিক অংশগ্রহণই পারে অবুঝ এই শিশুটিকে নতুন জীবন উপহার দিতে।
সহায়তা পাঠানোর যোগাযোগ:
রোগীর পিতা: মো. ইসমাইল হোসেন
যোগাযোগ নম্বর: 01957-654457
ঠিকানা: গ্রাম: বলাবাড়িয়া, কোটচাঁদপুর, ঝিনাইদহ।

