স্ফুলিঙ্গ ডেক্স :
বগুড়া সদরে এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৫০ পিস ইয়াবাসহ একাধিক মাদক মামলার অভিযুক্ত ও তালিকাভুক্ত মাদক কারবারি মোঃ রফিকুল ইসলাম (৩৬)-কে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, বগুড়া।
বিজ্ঞাপন
গত বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সন্ধ্যা ১৮:৩০ থেকে ১৯:২০ ঘটিকা পর্যন্ত বগুড়া সদর থানাধীন দক্ষিণ গোদারপাড়ায় রফিকুল ইসলামের নিজ বসতবাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত রফিকুল ইসলাম ওই এলাকার মোঃ আলম মন্ডলের সন্তান।
বিজ্ঞাপন
ডিএনসি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর আসে যে বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবার একটি চালান সেখানে মজুদ করা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রফিকুলের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। পরবর্তীতে আসামির দেহ তল্লাশি করে একটি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে রক্ষিত ২৫০ পিস (ওজন ২৫ গ্রাম) কমলা বর্ণের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ আসলাম আলী মন্ডল বাদী হয়ে বগুড়া সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। ডিএনসি জানিয়েছে, গ্রেপ্তারকৃত রফিকুলের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে।
মাদকের এই চালানের সঙ্গে অন্য কোনো মূলহোতা জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখতে ডিএনসির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে জেলাজুড়ে এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ছবি সংগৃহীত।


