স্ফুলিঙ্গ ডেক্স :
রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে থাকা মিতু আক্তার নামের এক নারী আসামি কৌশলে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে থানার ফটকের তালা খুলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সটকে পড়েন তিনি।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, একটি হত্যা মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত আসামি মিতু আক্তারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। রিমান্ডের মেয়াদ শেষে বৃহস্পতিবার দুপুরেই তাঁকে পুনরায় আদালতে সোপর্দ করার কথা ছিল। কিন্তু তার আগেই সকালে থানার ফটক খুলে রহস্যজনকভাবে চম্পট দেন তিনি।
বিজ্ঞাপন
ডিএমপির ওয়ারী বিভাগের ডেমরা জোনের এডিসি মীর মুহসীন মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিয়ম অনুযায়ী নারী আসামিদের হ্যান্ডকাফ পরানো হয় না। এই শিথিলতা ও সুযোগকে কাজে লাগিয়ে আসামি মিতু অত্যন্ত কৌশলে থানা থেকে পালিয়ে গেছে।
ঘটনার সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পলাতক আসামি মিতু আক্তারকে পুনরায় গ্রেফতার করতে ইতোমধ্যে বিভিন্ন স্থানে তল্লাশি ও জোর তৎপরতা শুরু করেছে পুলিশ। ছবি সংগৃহীত।


