স্ফুলিঙ্গ ডেক্স :
পাকিস্তানের ইসলামাবাদে সামাজিক যোগাযোগমাধ্যমের সুপরিচিত ও জনপ্রিয় টিকটক তারকা শামসো বিবি ওরফে ‘আয়েশা গিলামানা’কে দিনের আলোয় প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বিজ্ঞাপন
সংবাদমাধ্যম গালফ নিউজ ও ডেইলি পাকিস্তানের প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট ২০২৬ পরিবারের সদস্যদের নিয়ে গাড়িতে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাদের গতিপথ রোধ করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে ঘাড় ছিদ্র হয়ে ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কনটেন্ট ক্রিয়েটর।
বিজ্ঞাপন
নিহত শামসো বিবি বিগত ৩-৪ বছর ধরে টিকটকে অত্যন্ত সক্রিয় ছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যা ছিল প্রায় ১৩ লাখ।
ঘটনার বিবরণ দিয়ে নিহতের বাবা ফজল সাহেবজাদা জানান, ঘটনার দিন কাশিফ নামে এক ব্যক্তির ফোন পেয়ে তার মেয়ে ১৫ বছর বয়সী ছোট বোন আসিমা ও ভাই নেয়ামতুল্লাহকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে একটি পেট্রোল পাম্পের কাছাকাছি পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই বন্দুকধারী তাদের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি বিবির ঘাড়ে লাগলে তিনি সাথে সাথে মারা যান। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে তাদের গাড়িটি অন্য একটি গাড়ির সাথে সংঘর্ষে লিপ্ত হয়, এতে তার ছোট বোন আসিমা গুরুতর আহত হন।
হত্যাকাণ্ডের পেছনে আর্থিক লেনদেনের বিরোধ ছিল বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন নিহতের বাবা। তিনি জানান, কাউসার ও জাভেদ নামের দুই ব্যক্তির সাথে বিবির অর্থসংক্রান্ত ঝামেলা চলছিল এবং তারা ক্রমাগত তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। এ বিষয়ে পূর্বে ইসলামাবাদে একটি সাধারণ ডায়েরিও করা হয়েছিল।
নিহতের পরিবারের দাবি, এই দুজন অথবা তাদের নিয়োজিত ভাড়াটে খুনিরাই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। এছাড়া ঘটনার ঠিক আগমুহূর্তে ফোন দিয়ে ডেকে নেওয়া কাশিফের ভূমিকা নিয়েও গভীর সন্দেহ প্রকাশ করেছে পুলিশ। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।
ছবি ও সূত্র-আন্তর্জাতিক সংবাদ সংস্থা থেকে সংগৃহীত।

