স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ধোপাখোলা গ্রামে রাতের আঁধারে চেতনানাশক স্প্রে করে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গৃহকর্ত্রীকে অজ্ঞান করে নগদ ৮০ হাজার টাকা ও প্রায় ২৮ ভরি মূল্যবান স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরচক্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধোপাখোলা এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুল কাদেরের দুইতলা ভবনে রাতের কোনো একপর্যায়ে অসাধু চোরচক্র কৌশলে প্রবেশ করে। এরপর তারা ঘরের ভেতর স্প্রে জাতীয় চেতনানাশক ওষুধ প্রয়োগ করে আব্দুল কাদেরের মা হামিদা বেগমকে গভীর অচেতন করে ফেলে। পরে ঘরের আলমারি ও ড্রয়ার ভেঙে থাকা নগদ ৮০ হাজার টাকা এবং রক্ষিত ২৮ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে চোরেরা সটকে পড়ে।
পরদিন সকালে পরিবারের কাজের মেয়ে বিষয়টি প্রথম টের পেলে বাড়িময় চুরির খবর জানাজানি হয়। এ সময় হামিদা বেগমকে সম্পূর্ণ অচেতন ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে নিবিড় চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
দুর্ধর্ষ এ চুরির খবর পাওয়ার পর পরই যশোর কোতোয়ালি থানা-পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থল পরিদর্শনের জন্য ছুটে যায়। এ ঘটনার সঙ্গে জড়িত মূল চক্রটিকে দ্রুত শনাক্তকরণ ও লুটের মালামাল উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তারে জোড় তদন্ত চালাচ্ছে পুলিশ। ছবি সংগৃহীত।
