স্ফুলিঙ্গ রিপোর্ট :
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অসাধারণ মেধার স্বাক্ষর রেখে জিপিএ-৫ (GPA-5) অর্জন করেছে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের মেধাবী ছাত্রী জারিফা আলম। ভবিষ্যতে সুশিক্ষা অর্জন করে সাধারণ ও অসহায় মানুষের সেবায় নিজেকে নিবেদিত করতে চায় সে।
জারিফার পিতা মাহাবুব আলম লাবলু যশোরের সুপরিচিত সংবাদপত্র ‘দৈনিক স্পন্দন’ পত্রিকার নির্বাহী সম্পাদক এবং মাতা আকলিমা খাতুন একজন গৃহিণী। তারা যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার স্থায়ী বাসিন্দা। জারিফার এই গৌরবোজ্জ্বল ফলাফলে তার পরিবার, স্বজন এবং বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীর মাঝে বইছে আনন্দের আমেজ।
জারিফার পিতা মাহাবুব আলম লাবলু অনুভূতি প্রকাশ করে জানান, জারিফা শৈশব থেকেই পড়ালেখায় ভীষণ মনোযোগী ও কঠোর পরিশ্রমী। সে যেন তার জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সফল হতে পারে এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারে, সে জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
বিজ্ঞাপন
নিজের সাফল্যের অনুভূতি জানিয়ে জারিফা বলে, “আমার এই ফলাফলের পেছনে পরম করুণাময়ের অশেষ কৃপাসহ আমার বাবা-মা ও সম্মানিত শিক্ষকদের অবদান ও দিকনির্দেশনা সবচেয়ে বেশি। ভবিষ্যতে দেশের ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে মানুষের সেবা করাই আমার প্রধান স্বপ্ন।”
মেধাবী শিক্ষার্থী জারিফার এই উজ্জ্বল ভবিষ্যৎ ও ধারাবাহিক সাফল্য কামনা করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজসহ দৈনিক স্পন্দন পরিবার। ছবি সংগৃহীত।
