স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের অভয়নগরে পুকুরের পানিতে ডুবে সাকিব শেখ (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১০ আগস্ট ২০২৬) রাত ১০টা থেকে আজ মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) ভোরের কোনো এক সময়ে উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব ওই এলাকার বাসিন্দা আসলাম শেখের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে সাকিব বাড়ি থেকে সামান্য দূরে একটি দোকানে চা পান করতে যান। চা খাওয়া শেষে বাড়ি ফেরার পথে তিনি রাস্তার পাশের একটি পুকুরপাড়ে প্রস্রাব করতে বসেন। মৃগীরোগে আক্রান্ত সাকিব হঠাৎ অসুস্থ বোধ করে পানিতে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। পুকুরটিতে প্রচুর কচুরিপানা ও শেওলা থাকায় তিনি আর উপরে উঠতে না পেরে পানির নিচে তলিয়ে যান।
রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি করেও সাকিবের কোনো সন্ধান পাননি। পরবর্তীতে মঙ্গলবার সকাল আনুমানিক ৭টার দিকে পুকুরপাড়ে সাকিবের স্যান্ডেল জোড়া পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সন্দেহ হলে স্থানীয়রা পুকুরের পানিতে নেমে খোঁজাখুঁজি চালিয়ে সাকিবের নিথর মরদেহ উদ্ধার করেন।
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানা-পুলিশ জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

