বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতের ক্রমবর্ধিষ্ণু ও ভয়াবহ ভাঙন কবলিত উপকূলীয় অঞ্চল সরেজমিন পরিদর্শন করেছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এ বি এম মোশাররফ হোসেন।
বিজ্ঞাপন
আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) দুপুরে তিনি সৈকতের জিরো পয়েন্টসহ ভাঙনের মুখে থাকা বিভিন্ন স্পর্শকাতর স্থান ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি সমুদ্রের অব্যাহত ঢেউয়ের তোড়ে ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দা, ক্ষুদ্র ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবীদের সাথে কথা বলেন এবং ভাঙন রোধে দ্রুত ও টেকসই পদক্ষেপ গ্রহণের দৃঢ় আশ্বস্ত প্রদান করেন।
বিজ্ঞাপন
এসময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, মহিপুর থানা বিএনপির সভাপতি মো. জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাজাহান পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি মো. আজিজ মুসল্লী, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, কলাপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির জুয়েল শিকদার ও সজল বিশ্বাস, কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার এবং কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুকসহ অঙ্গ-সংগঠনের স্থানীয় ও জেলাপর্যায়ের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে স্থানীয় অধিবাসী ও ব্যবসায়ীরা সাংসদের কাছে চরম উদ্বেগ প্রকাশ করে জানান, সাগরের উত্তাল ঢেউয়ের ধারাবাহিক ভাঙনে কুয়াকাটার মূল সৌন্দর্য, বিশাল সবুজ বনভূমি ও উপকূলীয় ম্যারিন ড্রাইভ সড়ক মারাত্মক ঝুঁকিতে পড়েছে। পর্যটন খাত ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ রক্ষার্থে বালুর বস্তা বা অস্থায়ী প্রতিকারের পরিবর্তে দ্রুত স্থায়ী ও কার্যকর জিওটেক্সটাইল বা আধুনিক ব্লক বেড়িবাঁধ নির্মাণের জোর দাবি জানান তারা। ছবি-বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।


