স্ফুলিঙ্গ ডেক্স :
সেবাগ্রহীতাদের ভোগান্তি ও নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীকে একযোগে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন।
বিজ্ঞাপন
আজ সোমবার (৩ আগস্ট ২০২৬) সকালে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে বিভিন্ন অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাঁদের বিরুদ্ধে এই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।
বিজ্ঞাপন
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার সকালে জেলা প্রশাসক হঠাৎ কোনো পূর্বঘোষণা ছাড়াই কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে উপস্থিত হন। পরিদর্শনকালে তিনি সরাসরি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের কাজের খোঁজখবর নেন এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় সেবায় নানাবিধ দুর্নীতি, হয়রানি ও অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ ও প্রাথমিক প্রমাণ পান তিনি।
অভিযোগের তাৎক্ষণিক সত্যতা পেয়েই ওই ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান এবং আব্দুল হালিমসহ চার কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন জেলা প্রশাসক। কাশিমপুর অফিসের কাজ সেরে তিনি পরবর্তী পরিদর্শনের অংশ হিসেবে সফিপুরের অপর একটি ভূমি অফিসে চলে যান।
ঘটনার সততা নিশ্চিত করে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া জানান, সাধারণ মানুষের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে এই ধরণের আকস্মিক অভিযান অব্যাহত থাকবে। তিনি স্পষ্ট করে বলেন, “সেবাগ্রহীতাদের কাছ থেকে সুনির্দিষ্ট অনিয়মের প্রাথমিক সত্যতা মেলাতেই ওই কার্যালয়ের সবাইকে বরখাস্ত করা হয়েছে। অনিয়মের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বহাল থাকবে।” ছবি সংগৃহীত।


