বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার পর্যটন পল্লী চরগঙ্গামতি এলাকায় হাইকোর্টের আদেশ অমান্য করে খাস জমিতে অবৈধ পাকা স্থাপনা নির্মাণের দায়ে মো. নুরুজ্জামান (৩২) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাঁকে ১০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বিজ্ঞাপন
স্থানীয় প্রশাসন ও আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর পর্যটন পল্লী চরগঙ্গামতি এলাকার সরকারি খাস জমিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আইনবহির্ভূতভাবে পাকা স্থাপনা তৈরি করে দোকানঘর নির্মাণ করছিলেন নুরুজ্জামান। বিষয়টি প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
বিজ্ঞাপন
অভিযানে নেতৃত্ব দেন কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক। আইন অমান্য করে সরকারি জমি দখলের অপরাধ প্রত্যক্ষ প্রমাণ হওয়ায় তিনি আসামি নুরুজ্জামানকে এই দণ্ডাদেশ প্রদান করেন। অভিযান চলাকালে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান নিজে উপস্থিত থেকে সার্বিক দিকনির্দেশনা দেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক জানান, সরকারি খাস জমি রক্ষা এবং আদালতের আদেশ বাস্তবায়নে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পর্যটন এলাকার পরিবেশ ও সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরনের দখলবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ছবি-বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

