স্ফুলিঙ্গ রিপোর্ট :
মোবাইল টেলিকম টাওয়ার থেকে নির্গত বিকিরণ বা রেডিয়েশন মানবদেহ কিংবা চারপাশের পরিবেশের জন্য ক্ষতিকর নয় বলে সুস্পষ্ট তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিজ্ঞাপন
আজ মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিটিআরসি কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইকবাল আহমেদ এ কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি উল্লেখ করেন, দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত মাইক্রোওয়েভ ওভেন, স্মার্টফোন কিংবা বাসাবাড়ির ওয়াই-ফাই রাউটার থেকে যে মাত্রায় বিকিরণ নির্গত হয়, মোবাইল টাওয়ারের রেডিয়েশনের মাত্রা তারচেয়েও অনেক কম। ফলে এটি নিয়ে বিভ্রান্তি ও ভয় ছড়ানোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। টাওয়ার স্থাপন ও ব্যবহারের বিষয়ে সাধারণ মানুষকে অহেতুক ভীত না হয়ে বাস্তবসম্মত তথ্য জেনে সচেতন হওয়ার তাগিদ দেন তিনি।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। অনুষ্ঠানে বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনিক প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক-পেশাজীবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বিটিআরসির পক্ষ থেকে বিজ্ঞানভিত্তিক উপাত্ত তুলে ধরে মোবাইল টাওয়ারের নিরাপত্তা ও রেডিয়েশন সম্পর্কিত নানাবিধ প্রশ্নের উত্তর দেওয়া হয়।ছবি সংগৃহীত।

