স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের উপশহর এলাকায় সড়ক দুর্ঘটনায় কবলে পড়ে মারাত্মক আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলার সাবেক আহ্বায়ক ও তরুণ রাজনৈতিক কর্মী রাশেদ খান (৩০)।
আজ মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে শহরের উপশহর ট্রাফিক মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। আঘাত গুরুতর হওয়ায় স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহত রাশেদ খান যশোর পৌর শহরতলীর ধর্মতলা এলাকার অধিবাসী আবু তাহেরের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা যায়, সহযোদ্ধা সাবনান হোসেন সাকিবকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে উপশহর এলাকা থেকে শহরের কেন্দ্রের দিকে যাচ্ছিলেন রাশেদ। পথিমধ্যে উপশহর ট্রাফিক মোড়ে একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যানকে পাশ কাটানোর চেষ্টা করার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে রাশেদ খানের বাম পায়ের নিচের হাড় মারাত্মকভাবে ভেঙে যায় এবং তাঁর সাথে থাকা চালক সাবনান হোসেন সাকিব সামান্য ছিলে-ছুলে যান।
বিজ্ঞাপন
দুর্ঘটনার পর উদ্ধারকারীরা তাৎক্ষণিকভাবে তাঁদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। বর্তমানে রাশেদ খান ওই হাসপাতালের ২য় তলার মডেল ওয়ার্ডে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন।
এদিকে অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনার সংবাদ শুনে হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রাশেদ খানের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন, তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্যের জন্য দোয়া জানান। একইসাথে হাসপাতালে কর্মরত চিকিৎসকদের রাশেদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের পরামর্শ দেন।
এ সময় অধ্যাপক নার্গিস বেগমের সাথে যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, প্রবীণ বিএনপি নেতা এ. কে. শরফুদ্দৌলা ছটলু, ঘোপ ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মারুফুল ইসলাম, যশোর হাসপাতালের আরএমও ডা. মোঃ আহসান কবির বাপ্পিসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং কর্মরত চিকিৎসকরা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

