স্ফুলিঙ্গ ডেক্স :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ এক অভিযানে ৩০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) ঈশ্বরগঞ্জ থানাধীন আশ্রবপুর এলাকায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের ওপর এই অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ময়মনসিংহের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই সফল অভিযান পরিচালিত হয়।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃতরা হলেন কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আমলাপাড়া কমলপুর বালুর মাঠ এলাকার জারু মিয়ার ছেলে আব্দুল আলী ওরফে মসম (৩২) এবং নরসিংদীর রায়পুরা উপজেলার ৪ নম্বর রতনপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের রতনপুর গ্রামের বাদল মিয়ার ছেলে মো. ইমন মিয়া (২০)।
জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহের দিকে প্রাইভেটকারে বড় একটি মাদকের চালান যাচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে মহাসড়কের আশ্রবপুর এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি সন্দেহভাজন প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালিয়ে ভেতর থেকে মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং গাড়িতে থাকা দুই যাত্রীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। একই সাথে মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে অভিযানের স্থিরচিত্র ধারণ করা হয়।
পরবর্তীতে এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকের বিস্তার রোধে এ ধরনের জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে। ছবি সংগৃহীত।
