স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে ৯৯৭ পিস ইয়াবাসহ আয়েশা আক্তার (২৬) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যশোর এসআরবি ।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কে একটি দূরপাল্লার বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আয়েশা আক্তার যশোর শহরের রেলগেট পশ্চিম পাড়ার সোহেলের স্ত্রী।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর এসআরবির অধিনায়ক মেজর ফজলে রাব্বির ক্ষুরধার ও বলিষ্ঠ নেতৃত্বে একটি চৌকস দল যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর স্কুলের সামনে বিশেষ চৌকি স্থাপন করে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ‘সাতক্ষীরা লাইন’ নামের একটি যাত্রীবাহী বাসের গতিপথ রোধ করে তল্লাশি চালানো হয়। বাসে থাকা যাত্রী আয়েশা আক্তারের তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে সুকৌশলে লুকানো ৯৯৭ পিস ইয়াবা উদ্ধার করেন অভিযান পরিচালনাকারী সদস্যরা।
বিজ্ঞাপন
অভিযানে নেতৃত্ব দেওয়া এসআরবি অধিনায়ক মেজর ফজলে রাব্বির এমন ঝটিকা ও কৌশলগত পদক্ষেপের কারণে মহাসড়কে মাদকের বড় একটি চালান আটক করা সম্ভব হয়েছে। তাঁর সুনির্দিষ্ট নির্দেশনা ও পেশাদার নেতৃত্বে এসআরবি সদস্যরা মহাসড়ক ও সংলগ্ন এলাকায় একের পর এক সফল অভিযান চালিয়ে যাচ্ছে, যা মাদকের বিস্তার রোধে সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত ও আশার সঞ্চার করছে।
গ্রেপ্তারকৃত আয়েশা আক্তারের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে এসআরবি কর্তৃপক্ষ। ছবি সংগৃহীত।

