স্ফুলিঙ্গ ডেক্স :
মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগান থেকে এক নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৬ আগস্ট ২০২৬) সকালে মাথিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশন এলাকার মোকাম আকাশি টিলার একটি নিমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন—রাজনগর উপজেলার উদনা চা বাগান এলাকার বাসিন্দা মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২)।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাথিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশনে দায়িত্বপালনকালে বাগান পাহারাদার স্বপন রাজভর গাছে যুবক-যুবতীর লাশ ঝুলতে দেখেন। তিনি দ্রুত বিষয়টিকে বাগান কর্তৃপক্ষকে অবহিত করলে তারা রাজনগর থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, মঙ্গল বাউরী ও বিনতা বাউরী প্রায় এক মাস আগে পারিবারিক সম্মতির বাইরে গিয়ে কোর্ট ম্যারেজ করেন। তবে তাদের দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে ছিল এবং পূর্বের সংসারে সন্তানও ছিল। এই বিয়ের পর থেকেই উভয় পরিবারে চরম মানসিক চাপ ও কলহ চলছিল। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সেই পারিবারিক কলহের জেরে কোনো একপর্যায়ে মঙ্গল বাউরী তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে চা বাগানের গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। পারিবারিক বিরোধ ও অশান্তির কারণেই এ ঘটনা ঘটে থাকতে পারে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ফাইল ছবি সংগৃহীত।


