স্ফুলিঙ্গ ডেক্স :
পিরোজপুরের মঠবাড়িয়ায় গভীর রাতে একই পরিবারের দুই সহোদরের বসতঘরে ঢুকে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত শনিবার (১৫ আগস্ট ২০২৬) গভীর রাতে উপজেলার তুষখালী ইউনিয়নের জানখালী গ্রামে সশস্ত্র ডাকাত দল পরিবারের সব সদস্যকে জিম্মি করে নগদ টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে চম্পট দেয়।
বিজ্ঞাপন
ভুক্তভোগী পরিবারের তথ্যমতে, দুই ভাইয়ের বাসা থেকে সব মিলিয়ে আনুমানিক ১৭ লাখ টাকার মালামাল ও নগদ অর্থ লুট করা হয়েছে। ভুক্তভোগীরা হলেন জানখালী গ্রামের মো. আনোয়ার হাংয়ের দুই ছেলে মো. শাহিন হাং (৪৩) ও মো. সোহেল হাং (৩৪)।
বিজ্ঞাপন
পারিবারিক সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়লে আনুমানিক সাতজনের একটি সশস্ত্র ডাকাত দল সোহেল হাংয়ের ঘরের মূল কেসি গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতেরা তাৎক্ষণিক গৃহবাসীদের ধরে হাত-পা বেঁধে ফেলে এবং নগদ ১ লাখ ৪৮ হাজার টাকা ও সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল হাতিয়ে নেয়। বের হওয়ার সময় তারা সোহেলের ঘরের দরজার বাইরে থেকে তালা লাগিয়ে পাশে থাকা তাঁর ভাই শাহিন হাংয়ের ঘরে হানা দেয়।
একই কায়দায় শাহিনের ঘরের কেসি গেট ভেঙে ভেতরে ঢুকে সবাইকে বেঁধে ফেলে দুষ্কৃতকারীরা। সেখান থেকে নগদ ১ লাখ ৭৪ হাজার টাকা, প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার এবং ৫টি দামি স্মার্টফোনসহ মোট ৮ লাখ টাকার সম্পদ লুটে নেয় তারা।
পাশাপাশি দুটি ঘরে এভাবে একরাতে ডাকাতির খবর ছড়িয়ে পড়ায় পুরো জানখালী গ্রামসহ আশপাশের এলাকায় তীব্র আতঙ্ক ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, ডাকাতির ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশের একটি বিশেষ টিম পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ছবি সংগৃহীত।

