বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী):
পটুয়াখালীর উপকূলীয় জনপদ কলাপাড়ার সাংস্কৃতিক ও নাট্যাঙ্গনে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক গৌরবময় অধ্যায়ের সূচনা হয়েছে। সমস্ত বাধা-বিপত্তি ডিঙিয়ে নিজের সহজাত মেধা ও চমৎকার অভিনয়শৈলীর জাদুতে পৌরসভা, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেছে কলাপাড়ার গর্ব সুদীপন মুখার্জী অর্জুন। স্থানীয় ঐতিহ্যবাহী থিয়েটার ‘কচিমুখ নাট্যাঙ্গন’—এর গর্বিত সদস্য এবং মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এই শিক্ষার্থীর আকাশছোঁয়া সাফল্যে কলাপাড়াসহ পুরো বরিশাল বিভাগজুড়ে এখন বইছে বাঁধভাঙা আনন্দের বন্যা। কলাপাড়ার সাংস্কৃতিক ইতিহাসে দীর্ঘ ২০ বছর পর এই প্রথম কোনো শিশুশিল্পী জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়ে এমন অনন্য কৃতিত্ব স্থাপন করল।
বিজ্ঞাপন
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই জমকালো জাতীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলাপাড়ার কৃতি সন্তান অর্জুনের হাতে গৌরবময় পুরস্কার তুলে দেন বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আতিকুর রহমান। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কলাপাড়ার মানুষের আনন্দকে আরও দ্বিগুণ করতে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের মূল পুরস্কার পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে বিতরণ করবেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান।
বিজ্ঞাপন
জাতীয় মঞ্চে বিচারকদের মুগ্ধ করা শিশুশিল্পী অর্জুনের এই অনন্য গৌরবের পেছনে মূল কারিগর ও প্রশিক্ষক হিসেবে ছিলেন কলাপাড়া সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় মীরাক্কেলীয়ান অভিনেতা আতিকুর রহমান মিরাজ। তাঁর নিপুণ নির্দেশনায় ও দীর্ঘদিনের নিবিড় প্রশিক্ষণে অর্জুন আজ জাতীয় দরবারে কলাপাড়ার নাম উজ্জ্বল করতে সক্ষম হয়েছে। পাশাপাশি এই অভাবনীয় সাফল্যের পেছনে অন্যতম বড় চালিকাশক্তি হিসেবে কাজ করেছে অর্জুনের পরিবারের নিরলস ত্যাগ, সাধনা ও সার্বিক অনুপ্রেরণা। অর্জুনের বাবা কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক অশোক মুখার্জি এবং মাতা বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী ও কলাপাড়া মহিলা কলেজের সম্মানিত শিক্ষিকা শুভ্রা চক্রবর্তী কল্যাণী কলাপাড়াবাসীসহ দেশবাসীর কাছে অর্জুনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আশীর্বাদ ও দোয়া চেয়েছেন। উল্লেখ্য, অর্জুনের পরিবারে সংস্কৃতির চর্চা এটিই প্রথম নয়; এর আগে তাঁর বড় বোন দেবশ্রী মুখার্জীও নিজস্ব প্রতিভা গুণে অভিনয়, আবৃত্তি ও জারীগানে মোট পাঁচবার জাতীয় পর্যায়ে অংশ নিয়ে কলাপাড়ার নাম উজ্জ্বল করেছিলেন।
এদিকে অর্জুনের এই ঐতিহাসিক ও গৌরবময় কৃতিত্বের খবর ছড়িয়ে পড়ার পর ১১৪ পটুয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন কৃতি এই খুদে শিল্পীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. মনিরুজ্জামান মনির, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওছার হামিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা: শাহিদা বেগম এবং কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেসারউদ্দিন আহমেদ টিপু অর্জুনের এই সাফল্যকে কলাপাড়ার জন্য এক বিরাট অর্জন হিসেবে অভিহিত করেছেন।
একই সাথে কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সাধারণ সম্পাদক অমল মুখার্জী, সাবেক সফল সাধারণ সম্পাদক এস এম মোশারেফ হোসেন মিন্টু, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, স্বেচ্ছাসেবী সংগঠন ‘রংধনু’—র সভাপতি হুমায়ুন কবির জুয়েল শিকদার, কলাপাড়া পৌরসভার ০৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল, কলাপাড়া পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আলহাজ্ব আবু হাসনাত রিমন সিকদার, লালুয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী স্বজল বিশ্বাস, ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের সভাপতি ও গণমাধ্যমকর্মী নাজমুস সাকিব, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি নির্বাচনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সৈয়দ মো. রাসেল এবং মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুস সাকিব কনাসহ এলাকার সর্বস্তরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও গুণীজনরা অর্জুনকে শুভেচ্ছা জানিয়ে তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন। ছবি সংগৃহীত।

