বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে সরকারের নিকট থেকে বৈধভাবে বন্দোবস্ত পাওয়া জমিজমার অবৈধ দখল রোধ ও প্রকৃত মালিকানা সুনিশ্চিত করার দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছেন ভুক্তভোগী শত শত ভূমিহীন পরিবারের সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে ধানখালী এলাকায় স্থানীয় ইউপি সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার ভুক্তভোগী অধিবাসীদের উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মো. শাহীন মৃধা, ভূমিহীন পরিবারের (কার্ডধারী) সদস্য নুরজাহান বেগম, খোকন চৌকিদার, হানিফ মৃধা, শাহআলম হাওলাদার, জবুনা বেগম, সোহেল হাওলাদার, জাহাঙ্গীর হাওলাদার, রুবেল সিকদার, রুহুল আমিন হাওলাদার ও স্থানীয় বাসিন্দা তানিয়া আক্তার প্রমুখ।
বিজ্ঞাপন
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে জানান, তাঁরা ১৯৯৭ সালে তৎকালীন সরকারি নিয়মানুযায়ী আমতলীর পূর্বচিলা ও ধানখালীর মধ্য ধানখালী মৌজার জমিজমা ভূমিহীন হিসেবে প্রদেয় বন্দোবস্ত লাভ করেন। দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকলেও সাম্প্রতিককালে ধানখালীর প্রভাবশালী রহিম সিকদার ও খোকন মৃধাসহ একটি স্বার্থান্বেষী ভূঁইফোড় চক্র তাঁদের সেই জমি অবৈধভাবে জবরদখল করার অপচেষ্টা চালাচ্ছে। এমনকি সংলগ্ন সরকারি খাস জমি পর্যন্ত চক্রটি ক্ষমতার দাপটে গ্রাস করে নিয়েছে।
ভুক্তভোগী খোকন চৌকিদার জানান, “আমরা সরকারের নিবন্ধিত খাস জমি পেয়েছি। কিন্তু জবরদখলকারী এই চক্রের হাত থেকে ভূমিহীনদের জমি উদ্ধারে স্থানীয় মেম্বার শাহীন মৃধা আমাদের পাশে দাঁড়িয়ে সোচ্চার হওয়ায় এখন উল্টো তাঁর বিরুদ্ধেই নানামুখী মিথ্যা চক্রান্ত করা হচ্ছে।”
সমাবেশে বক্তারা আরও উল্লেখ করেন, স্থানীয় ভূমিহীন অসহায় মানুষের ন্যায্যতা ও অধিকার রক্ষায় কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার স্পষ্ট নির্দেশনা প্রদান করা সত্ত্বেও সেই নির্দেশনা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চক্রটি ভূমিহীনদের উচ্ছেদে মরিয়া হয়ে উঠেছে। তারা এলাকায় নানা ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে। একটি হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ও সাজাভোগকারী এক আসামি এই অপকর্মের নেপথ্যে ইন্দন দিচ্ছে বলেও বক্তারা অভিযোগ করেন। এতে বর্তমানে মধ্য ধানখালী এলাকায় বড় ধরনের সংঘাত ও নাশকতার তীব্র আশঙ্কা করছেন সাধারণ বাসিন্দারা। ছবি প্রতিবেদক।
