স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরের উপকণ্ঠ বড় শেখহাটি লিচুবাগান এলাকার চিহ্নিত মাদক কারবারি ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি মোঃ সগির ওরফে সুমনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইলিয়াসের নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে ৯৭ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের একটি চৌকস টিম ঘুড়ুলিয়া কামারের মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ সগির ওরফে সুমন (৩৮)। তিনি যশোর কোতোয়ালী থানার বড় শেখহাটি এলাকার গফুরের লিচুতলা বাগানবাড়ীর মৃত আব্দুল জলিলের ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাব-ইনস্পেক্টর (এসআই) ইলিয়াসের নেতৃত্বে ক্যাম্পের একটি চৌকস দল ঘুরুলিয়া ও তৎসংলগ্ন এলাকায় নিয়মিত মাদকবিরোধী টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় ঘুরুলিয়া কামারের মোড় এলাকায় এক ব্যক্তির সন্দেহজনক ঘোরাঘুরি ও গতিবিধি নজরে এলে এসআই ইলিয়াস অত্যন্ত বিচক্ষণতা ও সাহসিকতার সাথে সংঙ্গীয় ফোর্স নিয়ে তাকে ঘিরে ফেলেন। পরবর্তীতে স্থানটি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে এবং দেহে তল্লাশি চালিয়ে নীল রঙের জিপার প্যাকেটে সুকৌশলে লুকানো ৯৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
পুলিশ জানায়, আটককৃত সগির ওরফে সুমনের বিরুদ্ধে যশোর কোতোয়ালী থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক ও অপরাধমূলক মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে বড় শেখহাটি ও আশেপাশের এলাকাকে নিরাপদ আস্তানা বানিয়ে সে কৌশল বদলে মাদক কেনাবেচা পরিচালনা করে আসছিল।
এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশি এ কঠোর ও আপসহীন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে তালবাড়ীয়া পুলিশ ক্যাম্প। ছবি সংগৃহীত।
