বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পায়রা বন্দর এলাকায় ডেঙ্গু মশার বিস্তার রোধ এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি পালন করেছে পায়রা বন্দর কর্তৃপক্ষ।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় বন্দরের প্রশাসনিক ও আবাসিক এলাকা পরিচ্ছন্ন করার মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। এতে বন্দরের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারী একযোগে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম।
বিজ্ঞাপন
কর্মসূচিতে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বন্দর চেয়ারম্যান বলেন, “পায়রা বন্দর কর্তৃপক্ষের এই সমন্বিত উদ্যোগের আওতায় বন্দর এলাকার সম্ভাব্য সকল মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করা হবে। একই সাথে নিয়মিত ফগিং ও ওষুধ ছিটানো, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ডেঙ্গু থেকে ব্যক্তিগত সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে।”
ডেঙ্গুর আশঙ্কাজনক বিস্তার প্রতিরোধে বন্দর এলাকায় কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সকলকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের জোর তাগিদ দেন তিনি। এছাড়া আগামী তিন মাস প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতার পাশাপাশি এই বিশেষ মশক নিধন অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি। ছবি প্রতিবেদক।

