মোঃ মাসুদ রানা( কালীগঞ্জ) ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জে দীর্ঘদিন ধরে অসুস্থতার সাথে যুদ্ধ করা অলংকার প্রস্তুতকারী এক শ্রমিকের পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে স্থানীয় পেশাজীবী সংগঠন।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার প্রাণকেন্দ্র মধুগঞ্জ বাজারে অবস্থিত কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে অসুস্থ শ্রমিক সুমন অধিকারীর হাতে এ আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
সহায়তাপ্রাপ্ত সুমন অধিকারী কালীগঞ্জ উপজেলার আড়পাড়া-শিবনগর গ্রামের স্থায়ী বাসিন্দা। পেশায় জুয়েলারি কারিগর সুমন দীর্ঘদিন যাবত জটিল অসুস্থতায় ভুগছেন। অসুস্থতার কারণে কাজ বন্ধ থাকায় চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েন তিনি। বিষয়টি সহকর্মীদের সংগঠন কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়নের নজরে এলে তারা সহায়তার উদ্যোগ গ্রহণ করে।
বিজ্ঞাপন
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি সুশান্ত মালী, সাধারণ সম্পাদক ইকবাল আলী, সহসভাপতি বরুণ মজুমদার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ দীপংকর দে এবং প্রচার সম্পাদক কৌশিক অধিকারী। এ সময় জুয়েলারি মালিক সমিতির পক্ষে প্রহল্লাদ অধিকারী বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সুশান্ত মালী জানান, “সংগঠনের যেকোনো সদস্য বিপদে কিংবা দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন সাধ্যমতো তাঁর পাশে দাঁড়ানোর নীতি বজায় রেখেছে। ভবিষ্যতে যেকোনো পেশাজীবী ভাই বিপদে পড়লে সংগঠন তাঁদের পাশে অভিভাবক হয়ে থাকবে।” ছবি সংগৃহীত।
