নড়াইল প্রতিনিধি
তারিখ: ৩০ নভেম্বর ২০২৬
নড়াইলে ছিনতাইকারীদের কবলে পড়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর ওসমান মোল্লা অনিক (১৫) নামে এক কিশোর ভ্যানচালকের মরদেহ চিত্রা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার পেরুলীস্থান এলাকার চিত্রা নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহত ওসমান মোল্লা নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের শাহাবুদ্দিন মোল্লার ছেলে। তার মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে বাবা-মা ও স্বজনদের আহাজারিতে পুরো বাগডাঙ্গা গ্রামে শোকের ছায়া নেমে আসে।
বিজ্ঞাপন
ঘটনার বিবরণে জানা যায়, রাত আনুমানিক ১০টার দিকে রঘুনাথপুর চৌরাস্তার মোড় থেকে যাত্রী বেশে একদল ছিনতাইকারী ওসমান মোল্লা (১৫) এবং রিহাদ বিশ্বাস (১৭) নামের দুই কিশোরের মোটর ভ্যান ভাড়া করে নিয়ে যায়। পরে পেরুলীস্থান চিত্রা নদীর সাহাপড়া এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় রিহাদ বিশ্বাসকে উদ্ধার করা সম্ভব হলেও ওসমান মোল্লা ও মোটর ভ্যানটির কোনো খোঁজ মিলছিল না। এরপর চিত্রা নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
এদিকে আহত কিশোর রিহাদ বিশ্বাস চাচুড়ি ইউনিয়নের সুমেরুখোলা গ্রামের আরবি বিশ্বাসের ছেলে। তার বাবা জানিয়েছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর রিহাদের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে ছিনতাই হওয়া মোটর ভ্যানটি এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। ছবি সংগৃহীত।
