স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সদর উপজেলার ঐতিহ্যাবাহী ১১৫ নম্বর মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম পরিচিতি সভা এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষাগত ও অবকাঠামোগত মানোন্নয়ন বিষয়ক এক নীতিনির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সকালে বিদ্যালয় ভবনের প্রশাসনিক কক্ষে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই দায়িত্ব গ্রহণ ও পরিচিতি পর্ব সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির নবনির্বাচিত দূরদর্শী সভাপতি হাবিবুল ইসলাম। সভায় বিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে অনন্য ভূমিকা ও শিক্ষানুরাগী সমাজসেবামূলক দৃষ্টিভঙ্গির জন্য বিশেষভাবে প্রসংশিত হন নবনির্বাচিত সদস্য বিশিষ্ট তরুণ সমাজসেবক রাজীব হাসান চৌধুরী রিপন এবং ওয়ার্ড কাউন্সিলর শেখ রাশেদ আব্বাস।
বিজ্ঞাপন
এলাকাবাসী ও শিক্ষকদের মতে, বিশিষ্ট সংগঠক রাজীব হাসান চৌধুরী রিপনের প্রজ্ঞা ও নিরলস সামাজিক প্রতিশ্রুতির পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলর শেখ রাশেদ আব্বাসের জোরালো প্রশাসনিক সমর্থন ও অবকাঠামোগত উন্নয়নের রূপরেখা বিদ্যালয়টিকে এ অঞ্চলের অন্যতম মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরে নতুন এক দিগন্তের সূচনা করবে।
সভায় সহ-সভাপতি সুভাষ কুমার ঘোষ, সদস্য সচিব ও প্রধান শিক্ষক আলেয়া পারভীন ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করেন— ম্যানেজিং কমিটির সদস্য শেখ মতিয়ার রহমান, বিশিষ্ট তরুণ মুখ রাজীব হাসান চৌধুরী রিপন, উদ্যমী প্রতিনিধি পাপ্পু খান, মহম্মদ রমজান আলী, কাজী মারুফা, বর্ণা হালদার, সামিরা খাতুন এবং শিক্ষক প্রতিনিধি শাহানারা পারভীন।
পরিচিতি পর্ব শেষে এক উন্মুক্ত আলোচনায় বক্তারা বিদ্যালয়ের অ্যাকাডেমিক পরিবেশ নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের শ্রেণি উপযোগী আধুনিক সুযোগ-সুবিধা সৃষ্টি এবং দৃষ্টিনন্দন অবকাঠামো নির্মাণে একাত্ম হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিচালনা পর্ষদের অভিজ্ঞ ও উদ্যমী নেতৃত্বের সমন্বয়ে মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা ও সুশাসনে দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। ছবি সংগৃহীত।
