স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের ঘিবা ও বেনাপোল সীমান্তে পৃথক ঝটিকা অভিযান পরিচালনা করে ২৫ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একাধিক আভিযানিক দল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল ও মাদকদ্রব্য জব্দ করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘিবা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের ৭ নম্বর ঘিবা মাঠে বিশেষ অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
অন্যদিকে, বেনাপোল আইসিপি ও আমড়খালী বিজিবি চেকপোস্টে পৃথক দুটি আইসিপি তল্লাশি চালিয়ে ৮৩টি ভারতীয় শাড়ি, ১.৫ কেজি জিরা, ৭ প্যাকেট ফুচকা, ৩.৫ কেজি কিসমিস, ২০ প্যাকেট পাতার বিড়ি এবং ১১২টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের সর্বমোট সিজার মূল্য ধরা হয়েছে ৭ লাখ ২৯ হাজার ২০০ টাকা।
উদ্ধারকৃত ২৫ কেজি গাঁজার বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণপূর্বক বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের মাধ্যমে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আর আটককৃত অন্যান্য ভারতীয় চোরাচালানি মালামাল বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ছবি সংগৃহীত।
