চাঁদা না দেওয়ায় ইলিয়াস বাহিনীর ট্রলারে হামলা :  ৪ জেলে হাসপাতালে

চাঁদা না দেওয়ায় ইলিয়াস বাহিনীর ট্রলারে হামলা : ৪ জেলে হাসপাতালে

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী):

পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গোপসাগরে জাল ফেলার অজুহাতে দাবিকৃত ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় একটি মাছধরা ট্রলারে সশস্ত্র হামলা চালিয়ে ৪ জেলেকে মারাত্মক আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী শাহআলম চৌকিদার ও তাঁর ছেলেদের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে উপজেলার ধুলাসার ইউনিয়নের পর্যটন এলাকা ‘মিনি সুইজারল্যান্ড’ সংলগ্ন বঙ্গোপসাগরে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হামলায় গুরুতর আহত জেলেরা হলেন— মো. জাহাঙ্গীর (২৭), মো. মনির (২৩), ওমর ফারুক (৪৫) ও মস্তফা (৪২)। আহত জেলেদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের সবার বাড়ি কলাপাড়ার ধুলাসার ও ডালবুগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত জেলেরা অভিযোগ করে জানান, গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগরে তাঁদের ট্রলার থেকে জাল ফেলার বিনিময়ে স্থানীয় প্রভাবশালী শাহআলম চৌকিদার জেলে ওমর ফারুকের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়ে আজ সকালে ওমর ফারুক অন্য তিন জেলেকে সাথে নিয়ে ট্রলারযোগে মিনি সুইজারল্যান্ড সংলগ্ন সাগরে জাল ফেলেন।

এর কিছুক্ষণ পরেই শাহআলম চৌকিদারের ছেলে ইলিয়াস আরেকটি ট্রলার নিয়ে সাগরে তাঁদের মুখোমুখি হয় এবং পুনরায় দাবিকৃত ১ লাখ টাকা দাবি করে। জেলেরা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ইলিয়াস জোরপূর্বক সাগরে পাতা জেলেদের মাছধরার পুরো জালটি ট্রলারে তুলে কেড়ে নিয়ে চলে যায়।

পরবর্তীতে শাহআলম চৌকিদার, তাঁর দুই ছেলে ইলিয়াস ও রিয়াজসহ ২০ থেকে ২৫ জনের একদল সশস্ত্র লোক ট্রলার নিয়ে সাগরে গিয়ে ওমর ফারুকের ট্রলারে অতর্কিত হামলা চালায়। এতে ট্রলারে থাকা ৪ জেলে এলোপাতাড়ি মারধরে গুরুতর রক্তাত্মক হন। পরবর্তীতে পার্শ্ববর্তী অন্যান্য ট্রলারের জেলেরা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে শাহআলম চৌকিদার বলেন, “সাগরে জাল ফেলা নিয়ে আমার ছেলের সাথে তাঁদের কথাকাটাকাটি ও সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। কিন্তু কোনো টাকা বা চাঁদা চাওয়ার ঘটনা ঘটেনি, চাঁদাবাজির অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।”

এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম হাওলাদার জানান, সাগরে জেলেদের ওপর হামলার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *