স্ফুলিঙ্গ রিপোর্ট :
পেশাদারিত্ব, সততা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ যশোরের শার্শা থানার দুই পুলিশ কর্মকর্তাকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়েছে। খুলনা রেঞ্জের ডিআইজির পক্ষ থেকে এই বিশেষ পুরস্কার প্রদান করেন যশোর জেলার পুলিশ সুপার।
ঘটনার বিবরণ অনুযায়ী, গত ২১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দে সকাল সাড়ে ১০টার দিকে যশোর জেলার শার্শা থানার এএসআই (নিঃ) মো. লাভলু মিয়া ও এএসআই (নিঃ) মো. ফারুক হোসাইন শার্শা থানাধীন খাজুরা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তারা দক্ষিণ বুরুজবাগান গ্রামস্থ ‘প্রাইম ব্রিকস্’ নামক ইটভাটা সংলগ্ন নাভারণ-সাতক্ষীরাগামী পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালান। এ সময় সন্দেহভাজন হিসেবে মো. আলাউদ্দীন (৫২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁর দেহ ও হেফাজত তল্লাশি করে ১৮ পিস মূল্যবান স্বর্ণের বার এবং একটি সুজুকী মোটরসাইকেল জব্দ করা হয়।
এই দুঃসাহসিক ও সফল অভিযানে অংশ নিয়ে অপরাধ দমনে যে পেশাদারিত্ব, উচ্চ দক্ষতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, তার জন্য খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মো. রেজাউল করিম অভিযান পরিচালনাকারী এএসআই (নিঃ) মো. লাভলু মিয়া ও এএসআই (নিঃ) মো. ফারুক হোসাইনকে আন্তরিক অভিনন্দন জানান এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কার প্রদান করেন।
বিজ্ঞাপন
খুলনা রেঞ্জের ডিআইজির পক্ষে সম্মানজনক এই বিশেষ পুরস্কারটি দুই পুলিশ কর্মকর্তার হাতে তুলে দেন যশোর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা। মাঠপর্যায়ে এ ধরনের সাহসী ও সফল অভিযান পুলিশ বাহিনীর মনোবল বৃদ্ধি করার পাশাপাশি অপরাধ দমনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা। ছবি সংগৃহীত।

