কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া জেলাজুড়ে পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ মোট ৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং কুমারখালী ও দৌলতপুর থানা পুলিশ পৃথক পৃথক আভিযানিক দল গঠন করে নিজ নিজ এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বিজ্ঞাপন
পৃথক অভিযানে কুমারখালী থানা পুলিশ এলাকাধীন স্পর্শকাতর স্থানে অভিযান চালিয়ে ৩৪ পিস ইয়াবাসহ ১ জন আসামিকে আটক করে।
এদিকে, দৌলতপুর থানা পুলিশ পৃথক দুটি অভিযান পরিচালনা করে মাদক কারবারিদের জালে তোলে। এর মধ্যে প্রথম অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন এবং দ্বিতীয় অভিযানে অবৈধভাবে সংরক্ষিত ৪০ পিস ক্ষতিকর ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেটসহ আরও ১ জন আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
কুষ্টিয়া জেলা পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দপূর্বক সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় নথিপত্রসহ আজ রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) বিজ্ঞ বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। ছবি সংগৃহীত।

