বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :
পটুয়াখালীর কলাপাড়ার ঐতিহ্যবাহী ও বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র মহিপুর এবং আলীপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ের কারণে মারাত্মক বরফ সংকট দেখা দিয়েছে। প্রতিদিন গড়ে ১২ থেকে ১৪ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় বরফ মিলগুলোতে চাহিদার তুলনায় উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। ফলে বরফের দাম একলাফে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কলাপাড়ার বরফ কলগুলোতে স্বাভাবিক সময়ে যে বরফের ক্যান ১৫০ টাকায় বিক্রি হতো, তা এখন ৩০০ টাকায় বিক্রি করা হচ্ছে। কিন্তু চড়া দাম দিয়েও চাহিদা অনুযায়ী বরফ সংগ্রহ করতে পারছেন না জেলেরা।
বরফের তীব্র এই সংকটের কারণে ইলিশের ভরা মৌসুমেও শত শত মাছধরা ট্রলার ঘাটে নোঙর ফেলে বসে থাকতে বাধ্য হচ্ছে। সাগরে যাওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা সত্ত্বেও বরফ না পেয়ে গত এক সপ্তাহ ধরে জেলেরা সাগরে নামতে পারছেন না। এতে ট্রলার মালিক, জেলে ও বরফ মিল মালিকসহ মৎস্য খাতের সংশ্লিষ্ট সকলেই চরম লোকসানের মুখে পড়েছেন এবং তাঁদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
ক্ষতিগ্রস্ত জেলে ও ব্যবসায়ীরা জানান, ভরা বর্ষার এই সময়ে সাগরে প্রচুর ইলিশ পাওয়ার সম্ভাবনা থাকলেও শুধুমাত্র বরফের অভাবে তাঁরা সময়মতো ট্রলার নিয়ে ভাসতে পারছেন না। এই সংকট দ্রুত নিরসন না হলে দক্ষিণাঞ্চলের মৎস্য অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় দেখা দেবে।
অবিলম্বে কলাপাড়ার মহিপুর ও আলীপুর মৎস্য বন্দর এলাকাগুলোতে মিল কারখানা সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জোর দাবি জানিয়েছেন স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। ছবি-বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

