বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :
“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় নানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বিজ্ঞাপন
আজ রবিবার (১৬ আগস্ট ২০২৬) সকাল ১১টায় কলাপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদের দরবার হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী।
আলোচনা সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ, কাজী বেল্লাল এবং স্থানীয় মৎস্য খামারি রিয়াজ তালুকদার।
এ সময় কলাপাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিপুলসংখ্যক জেলে ও মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কলাপাড়া উপজেলায় মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৩ জন শ্রেষ্ঠ মৎস্য চাষীর হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
ছবি-বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

