বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ নিশ্চিতকরণ এবং দ্রুত ও ন্যায্য অর্থায়নকৃত জ্বালানি রূপান্তরের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় এক বিরাট মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বৈশ্বিক কর্মসূচি ‘গ্লোবাল উইক অফ অ্যাকশন’-এর অংশ হিসেবে শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। পরিবেশবাদী ও নদী রক্ষা আন্দোলন সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’, ‘ওয়াটার কিপার্স বাংলাদেশ’ এবং ‘আমরা কলাপাড়াবাসী’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন— ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-র কলাপাড়া সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাবের সদস্য রফিকুল ইসলাম মিরাজ, পরিবেশ সংগঠক সাইফুল্লাহ মাহমুদ এবং ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের সাবেক সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
বিজ্ঞাপন
সমাবেশে বক্তারা আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন (COP-31)-কে সামনে রেখে বৈশ্বিক দাবির সাথে একাত্মতা পোষণ করে বলেন, “পরিবেশ বিধ্বংসী জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন অবিলম্বে বন্ধ করতে হবে। ক্ষতিপূরণ হিসেবে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর জন্য জলবায়ু অর্থায়ন নিশ্চিতকরণ এবং জনবান্ধব ও ন্যায্য জ্বালানি রূপান্তর দ্রুত বাস্তবায়ন করা এখন সময়ের দাবি।”
বক্তারা স্থানীয় পরিবেশগত সংকট তুলে ধরে কলাপাড়ায় নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রকে কয়লানির্ভর না রেখে পূর্ণাঙ্গ সৌরবিদ্যুৎ কেন্দ্রে রূপান্তরের জোরালো দাবি জানান। একইসাথে বিদ্যমান দুটি কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে অব্যবহৃত বিপুল পরিমাণ খালি জায়গায় সরকারের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ‘সৌরবিদ্যুৎ সিস্টেম’ দ্রুত চালুর আহ্বান জানান।
পরিবেশ বিপর্যয় রক্ষায় কয়লার বিষাক্ত দূষণ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার গুরুত্ব আরোপ করে বক্তারা বলেন, পরিবেশ দূষণ রোধ করতে হলে কয়লাচালিত শক্তির ব্যবহার বন্ধের কোনো বিকল্প নেই। সরকারের লক্ষ্য অনুযায়ী নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে সমাজের সবস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। ছবি প্রতিবেদক।

