মাগুরা প্রতিনিধি:
মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের বিশেষ প্রযুক্তিগত তৎপরতায় আগস্ট মাসজুড়ে উদ্ধার করা আইফোনসহ ৪১টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
আজ রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উদ্ধারকৃত মোবাইল ফোন গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয়। উদ্ধার করা মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ১৬ হাজার ৫০০ টাকা।
পুরস্কার ও মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব থান্দার খায়রুল হাসান পিপিএম-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বিজ্ঞাপন
মোবাইল ফোন হস্তান্তরের সময় হারানো প্রিয় ও মূল্যবান মোবাইলটি আবার ফিরে পেয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের এমন তৎপরতার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রেস রিলিজ সূত্রে জানা গেছে, শুধু মোবাইল উদ্ধারই নয়, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গত আগস্ট ২০২৬ মাসে প্রযুক্তিগত সহায়তায় এক নবজাতক শিশুসহ ১৪ জন ভিকটিমকে উদ্ধার করেছে। পাশাপাশি হত্যা মামলার ২ জন, অপহরণ মামলার ১ জন, ক্লুলেস চুরির মামলায় নগদ ১,১০,৫৩০ টাকাসহ ২ জন এবং পরোয়ানামূলে ১ জনসহ মোট ৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এছাড়া ১টি মোটরসাইকেল ও ২টি মোবাইল জব্দ করার পাশাপাশি বেশ কিছু ক্লুলেস হত্যা, ডাকাতি ও অনলাইন জুয়ার সাথে জড়িতদের শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইউনিটটি।
জেলা পুলিশ সুপার জানান, জনগণের জানমালের নিরাপত্তা বিধান, সাইবার অপরাধ দমন এবং প্রযুক্তিগত সহায়তায় সাধারণ মানুষের সেবায় মাগুরা জেলা পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে। আগামীতেও এমন জনবান্ধব ও মানবিক সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
ছবি সংগৃহীত।

