স্ফুলিঙ্গ ডেক্স :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, রংপুরের অধীনস্থ ‘খ’ সার্কেল মিঠাপুকুরের একটি বিশেষ আভিযানিক দল রংপুরের মিঠাপুকুর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৮ লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার করেছে। গত ৮ অক্টোবর ২০২৬ তারিখে এই সফল অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেলের উপপরিদর্শক (এসআই) মো. মতিয়ার রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ২ নং রানীপুকুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দক্ষিণ মমিনপুর গ্রামস্থ আসামি মো. লিয়াকত আলী ওরফে ন্যাকো (৫৮)-এর নিজ দখলীয় বসতবাড়ির শয়নকক্ষের ভেতর পূর্ব পার্শ্বে কাপড় রাখার আলনার পেছনে লুকানো অবস্থায় একটি সাদা রঙের প্লাস্টিক জারিকেন থেকে এই অবৈধ চোলাই মদ উদ্ধার ও জব্দ করা হয়। উদ্ধারকৃত ৮ লিটার চোলাই মদের আনুমানিক অবৈধ বাজারমূল্য ৬ হাজার ৪শ টাকা।
গ্রেপ্তারকৃত আসামি মো. লিয়াকত আলী ওরফে ন্যাকো দক্ষিণ মমিনপুর গ্রামের মৃত লুৎফর রহমান ও মৃত ফয়জন নেছার ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মতিয়ার রহমান বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন এবং আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। ছবি সংগৃহীত।
বিজ্ঞাপন

