স্ফুলিঙ্গ রিপোর্ট :
বাংলা চলচ্চিত্রের অমর ও কালজয়ী চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যুর দীর্ঘ ৩০ বছর অতিক্রান্ত হলেও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং নেপথ্যের ঘাতকদের গ্রেফতারের দাবিতে তোলপাড় সৃষ্টি হয়েছে যশোরে। বৃষ্টিবাদলের প্রতিকূল আবহাওয়া তোয়াক্কা না করে আজ রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকালে দূর-দূরান্ত থেকে শত শত সালমান অনুরাগী ও ভক্তদের বিশাল মিছিল এসে প্রেসক্লাব যশোরের সামনের সড়কে অবস্থান নেয়।
বিজ্ঞাপন
পরবর্তীতে সেখানে ঘণ্টারও বেশি সময় ধরে এক ঐতিহাসিক ও আবেগঘন বিক্ষোভ মানববন্ধন ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
‘কাঠেরপুল যুব সংঘ’-এর সার্বিক সহযোগিতায় এবং স্থানীয় সালমান শাহ ভক্তবৃন্দের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন সর্বস্তরের শতাধিক সিনেমাপ্রেমী তরুণ ও নাগরিক।
সমাবেশের বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, বছরের পর বছর ধরে নানা ষড়যন্ত্র ও রাজনৈতিক প্রভাবে অমর নায়ক সালমান শাহ হত্যার বিচারপ্রক্রিয়া থামিয়ে রাখা হয়েছিল। সম্প্রতি দীর্ঘ আন্দোলনের ইতিবাচক ফল হিসেবে মামলার কার্যক্রম পুনরায় শুরু হওয়া এবং মামলার অন্যতম অভিযুক্ত খলনায়ক ডনকে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী আটক করায় স্বস্তি ফিরেছে ভক্তদের মনে।
তবে মূল মাস্টারমাইন্ডসহ অন্যান্য আসামীরা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তাঁরা। বক্তারা অনতিবিলম্বে নিহত নায়কের তৎকালীন স্ত্রী সামিরা, শাশুড়ি লতিফা হক লুসি, শিল্পপতি আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদকে আইনের আওতায় এনে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
কর্মসূচির প্রধান উদ্যোক্তা ও কাঠেরপুল যুব সংঘের পরিচালক শিমুল ভূঁইয়া তাঁর বক্তব্যে বলেন, “আমরা একটানা তিন দশক ধরে রাজপথে লড়াই চালিয়ে আসছি। একাধিক সরকার পার হলেও আমরা সুবিচার থেকে বঞ্চিত হয়েছি। তবে বর্তমান সরকার প্রধান তারেক রহমানের আমলে এই হত্যা মামলার তদন্তপ্রক্রিয়ায় অভূতপূর্ব অগ্রগতি দেখা যাচ্ছে এবং ডন গ্রেফতার হয়েছে। এই ইতিবাচক পদক্ষেপের জন্য সরকারকে সাধুবাদ জানাই এবং সাথে সাথে সামিরাসহ অন্য আসামিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি।”
উক্ত প্রতিবাদ সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন সালমান ভক্ত তহমিনা বিশ্বাস, সুমি আক্তার, বিজয় মাহমুদ, সাবিক হাসান, রিয়া আক্তার, পল্লব দাসসহ একাধিক তরুণ প্রতিনিধি।
উল্লেখ্য, যশোরের সালমান ভক্ত সমাজ প্রতি বছরই প্রিয় নায়কের প্রয়াণদিবসে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং মিলাদ মাহফিল আয়োজন করে আসছে। পাশাপাশি প্রতি বছর ১৯ সেপ্টেম্বর সালমান শাহ’র শুভ জন্মবার্ষিকী উপলক্ষে রঙিন কেক কাটা, খেলাধুলা ও তাঁর স্মৃতি বিজড়িত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। আজকের রাজপথের এই বিক্ষোভ সমাবেশ থেকেও আগামী ১৯ সেপ্টেম্বরের জন্মোৎসবে বিচার দাবির নতুন আন্দোলনসহ নানা জমকালো কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। ছবি সংগৃহীত।

